সংকল্প ডেস্ক :
সাতক্ষীরায় ‘ঘরের চালে অ্যাসবেস্টস ব্যবহারের ঝুঁকি ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোঃ মনোয়ার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মাধব দত্ত, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, অধ্যাপক কাজী আসাদুল ইসলাম।
অ্যাসবেস্টস ব্যবহারে শ্বাসতন্ত্রের ক্ষতি হয় এবং এর সংস্পর্শে আসা পানি খেলে ক্যান্সার হবে বলে দাবি করে প্রধান অতিথি ডা. মোঃ মনোয়ার হোসেন বলেন, বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমানিত যে, অ্যাসবেস্টস ব্যবহারে নানাবিধ স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে। তার মধ্যে ফুসফুস, পাকস্থতি ও জরায়ু ক্যান্সার অন্যতম। এটি ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা আরও বলেন, পৃথিবীর ৬৬টি দেশে অ্যাসবেস্টস ব্যবহার নিষিদ্ধ। সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তারা অ্যাসবেস্টসের চালের পানি ধরে পান করছে। এই পানি পরীক্ষা করা খুবই প্রয়োজন। এসব এলাকায় অ্যাসবেস্টস ব্যবহার নিষিদ্ধ হওয়া দরকার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, রুহুল কুদ্দুস, গবেষক পাভেল পার্থ, ডা. সুব্রত ঘোষ, সাংবাদিক এম কামরুজ্জামান, মিজানুর রহমান, আসাদুজ্জামান, আব্দুল জলিল, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, এম জিল্লুর রহমান, গোলাম সরোয়ার, রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, গাজী মাহিদা মিজান, জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা অ্যাসবেস্টস ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান।
