নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালী ইউনিয়রে গোলাখালী নদীর পাড় থেকে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে, ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রীং, ৪০টি পিস্টন হোল্ডার ও ১৬টি এলকে রেঞ্জ।
বিজিবি জানায়, ভারত থেকে নদী পথে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়রে গোলাখালী এলাকায় অস্ত্রের একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিওপির নায়েক সুবেদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় ভোরত সীমান্তবর্তী গোলাখালী নদীর পাড়ে একটি চিংড়ী ঘেরে মাটিতে পুতে রাখা ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রীং, ৪০টি পিস্টন হোল্ডার ও ১৬টি এলকে রেঞ্জ জব্দ করা হয়। জব্দকৃত মালামালে মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যাওয়ায় তার া তাদের আটক করতে সক্ষম হননি।
নীলডুমুর রিভাইরাইন বর্ডারগার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। জব্দকৃত অস্ত্র-গুলি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা অব্যহত রয়েছে বলে তিনি আরো জানান।
