নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় তামান্না তাছনিন জ্যোতি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবী হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
জ্যোতি তালা উপজেলার ঘোনা গ্রামের শফিকুল মোড়লের মেয়ে এবং বারুইহাটি গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আশরাফুল সরদারের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের সাড়ে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের ভাই জোবায়ের আহমেদ জানান, ভোর রাত রাত ৩টার দিকে আমার বোন জ্যোতির শ্বশুর বাড়ি থেকে তার মৃত্যুর খবর জানানো হয় আমাদেরকে। আমরা এসময় দ্রুত সেখানে গিয়ে দেখি, আমার বোনের মরদেহ খাটের ওপর রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে টিস্যু দিয়ে রক্ত মুছে সেই রক্তমাখা টিস্যুগুলো রান্নাঘরের পাশে ফেলে রাখা হয়েছে। তিনি এসময় অভিযোগ করে বলেন, আমার বোনকে হত্যা করার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে, নিহতের ভাসুর (স্বামী আশরাফুলের ভাই) রাজ্জাক সরদার জানান, মঙ্গলবার দুপুরে আশরাফুল ও তার স্ত্রী আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসে। খাওয়া শেষে আমার স্ত্রী হালিমার ভ্যানিটি ব্যাগ থেকে সাড়ে ৪০০ টাকা নিখোঁজ হয়। পরে জ্যোতির কাছে সেই টাকা পাওয়া যায়। এ ঘটনায় আশরাফুল তাকে চড়-থাপ্পড় মারে। পরে আমরা বিষয়টি মিটিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেই। আমার ধারণা, এই ঘটনার জেরে ক্ষোভে ও অভিমানে জ্যোতি রাতে আত্মহত্যা করতে পারে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
