স্পোর্টস ডেস্ক:
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ফুটবল ফেডারেশন (কিউএফএ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ স্থগিতাদেশ ঘোষণার সময় কিউএফএ সরাসরি ঐ হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।
ইরানে হামলার প্রভাব পড়ায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ফ্লাইটে বিঘ্ন ঘটেছে এবং কাতারের দোহা বিমানবন্দরেও অচলাবস্থা দেখা দিয়েছে। শনিবার ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা গেছে।
এদিকে দোহার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রীতি এই ম্যাচটি ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা লামিন ইয়ামাল ও লিওনেল মেসির।
