খেলাধূলা ডেস্ক :
এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। সেই দলের অধিনায়ক দাসুন শানাকা আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর বলেছিলেন, বাংলাদেশে সাকিব-মুস্তাফিজ ছাড়া ভালো কোনো বোলারই নেই। জবাবে টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, তার দৃষ্টিতে শ্রীলঙ্কার ভালো মানের কোনো বোলারই নেই।
বুধবার (৩১ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুজন। সেখানেই উঠে আসে শ্রীলঙ্কার বোলারদের কথা। দাসুন শানাকার মন্তব্যের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নেই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে।’
সুজন মনে করেন, শ্রীলঙ্কার সাকিব-মুস্তাফিজ মানের বোলার না থাকায় ম্যাচটি বাংলাদেশের জন্য সহজ হবে। যে ম্যাচটি আবার এশিয়া কাপে বাংলাদেশের বাঁচা-মরার লড়াইয়ের। তার ভাষ্য, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। কিন্তু আমরা জানি মুস্তাফিজ খুব ভালো বোলার, সাকিব বিশ্বমানের। এদের বাদ দিলে শ্রীলঙ্কার বিশ্বমানের কোনো বোলার নেই। এ কারণে আমার মনে হয়, আফগানিস্তানের তুলনায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা সহজ হবে।’
বাংলাদেশ দল এ মুহূর্তে চাপে রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। সুজন মনে করেন, বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও চাপে আছে। কারণ, তারাও নিজেদের প্রথম ম্যাচে মোহাম্মদ নবি বাহিনীর বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছে। সুজনের ভাষ্য, ‘শ্রীলঙ্কাও প্রেশারে। যে দল নার্ভ ধরে রাখতে পারবে তারাই জিতবে। স্কিল খুব একটা কাজে লাগবে না।’
এশিয়া কাপ সামনে রেখে দেশ ছাড়ার আগে সুজন বলেছিলেন, ‘দলকে ১৮০ রানের মতো করতে হবে। এটা হবে টাইগারদের নতুন টি-টোয়েন্টি অ্যাপ্রোচ। যদিও আফগানদের বিপক্ষে বাংলাদেশ করেছে মাত্র ১২৭ রান। কেন এমন হলো? সুজন বলেন, ‘প্রথম মাচ বলেই হয়তো এমন হয়েছে। আর ওদের বোলিং ওয়ার্ল্ড ক্লাস। আমাদেরও মানসিকতা পরিবর্তন জরুরি। টিম প্ল্যান কাজে লাগেনি। ডেথ ওভারে ঠিকমতো ব্যাট করতে পারিনি। ট্রেনিং আর অনুশীলনের মধ্যে বিস্তর পার্থক্য। খেলোয়াড়দেরই দায়িত্ব নিতে হবে। মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, নাহলে আপনি কখনো জিততে পারবেন না।’
