হোম জাতীয় শেষ প্রহরে বোদা পৌরসভায় ভোটের হাওয়া

জাতীয় ডেস্ক :

শেষ প্রহরের জমজমাট প্রচারণা আর গণসংযোগে জমে উঠেছে বোদা পৌরসভার ভোটের আমেজ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এ পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় কোনো প্রার্থী না থাকলেও সরকারদলীয় প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি।

এদিকে পঞ্চগড়ের বোদা পৌরসভার ভোটে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রচার-প্রচারণার পাশাপাশি শহরজুড়ে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে।

নির্বাচনের দিন ঘনিয়ে আসার শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।

দেশে গত কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের মতো বোদা পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে কেউ নির্বাচন না করলেও সরকারি দল আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে সমান তালে এগিয়ে চলছে অপর তিন স্বতন্ত্র প্রার্থী।

বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বোদা পৌরসভার ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর সময় সংবাদকে জানান, বোদা পৌরসভার ভোট শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। এবারের বোদা পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ৫১২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৫১ জন ও মহিলা ৭ হাজার ৪৬১ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন