হোম জাতীয় শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী

শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

নিউজ ডেস্ক:
সরকার দেশের কৃষকদের নানা সুবিধার আওতায় আনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের মতো শিগগির কৃষি কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে বৈঠকের পর মন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্যমন্ত্রী বলেন, মূলত আমাদের কৃষকদের একটা স্মার্ট কার্ড দেওয়া এবং স্মার্ট কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি ফ্যামিলি কার্ড নিয়ে আমরা আলাপ করছি। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষক কার্ড দেওয়ার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।

কবে নাগাদ এই বিতরণ শুরু হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়টা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ প্রস্তুতির অনেক বিষয় রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে।

এই কার্ডের মাধ্যমে একজন কৃষক কী সুবিধা পাবেন—এ বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। যেমন ধরেন, তার জন্য কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা। তাকে সার, কীটনাশক, বীজ, সব কৃষি উপকরণ- যে কোনো ধরনের সহযোগিতা করা হবে। এই কার্ডের মাধ্যমে খুব স্মার্ট পদ্ধতিতে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি- সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে। যে ধারণার ওপরে ভর করে আমরা একটা সঠিক পরিকল্পনা করতে পারবো।

এটা কি প্রকৃত কৃষকরা কি পাবে না কি এলাকার মেম্বার বা যারা প্রভাবশালী তারা নিয়ে নেবে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, না, কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে তো আমরা প্রথমেই এই জন্যই মধ্যস্বত্বভোগীরা যেন কোনো সুযোগ-সুবিধা না নিতে পারেন বা যেন কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। যেমন, আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, একজন সিম ক্রেতা এবং তিনি সরাসরি কিন্তু তার সব ধরনের সেবা ব্যাংকের থেকে পাচ্ছেন। অতএব, একটা কৃষক স্মার্ট কার্ড যখন আমি তার হাতে পৌঁছে দেবো, এরপরে কিন্তু রাষ্ট্রের সঙ্গে তার যোগাযোগটা হবে সরাসরি। কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং তারও যে কোনো সমস্যা কিন্তু সরাসরি রাষ্ট্র জানতে পারছে। ফলে পরিকল্পনার ক্ষেত্রে আমাদের কিন্তু তখন সহজ হবে।

কতজন কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা আছে—জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সব কৃষকদের দেব। পরিসংখ্যানে যত কৃষক উল্লেখ আছে। অবশ্যই পাইলট প্রজেক্টে সবাইকে নিতে পারবো না। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন