আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানে শপথ নিয়েছে নতুন সরকারের মন্ত্রিসভা। মঙ্গলবার (১৯ এপ্রিল) ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে শপথ নেয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ৩৭ সদস্যের মন্ত্রিসভা। নতুন এ মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার।
হিনা রব্বানি ২০১১ সালের ১৯ জুলাই থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত পাকিস্তানের ২১তম এবং প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ২০ জুলাই পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ৪৪ বছর বয়সী এ রাজনীতিক। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলী জারদারি।
চলতি মাসের শুরুর দিকে (৯ এপ্রিল) অনাস্থা ভোটের মাধ্যমে সাবেক প্রধিানমন্ত্রী ইমরান খান সরকার ক্ষমতাচ্যুত হয়। এর দুদিন পর (১১ এপ্রিল) নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই মন্ত্রিসভা গঠন নিয়ে তোড়জোড় শুরু করেন তিনি।
সোমবারই (১৮ এপ্রিল) নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা ছিল। তবে প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পাঠ করাতে অপারগতা জানালে শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। একদিন পর নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান।
ডন জানায়, মঙ্গলবার প্রেসিডেন্ট হাউসে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিন ৩১ জন পূর্ণ মন্ত্রী ও তিন প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর বেশ কয়েকজন উপদেষ্টা শপথ নেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি।
পাক প্রেসিডেন্ট কার্যালয়ের দেওয়া তথ্য মতে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) খাজা মুহাম্মদ আসিফ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, সরদার আয়াজ সাদিক, রানা তানভির হোসেইন, খুররম দস্তগীর খান, মরিয়ম আওরঙ্গজেব, খাজা সাদ রফিক, মিফতাহ ইসমাইল, জাভেদ লতিফ, রিয়াজ হোসেইন পিরজাদা, মুর্তজা জাভেদ আব্বাসি ও আজম নাজির তারার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এ ছাড়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে সৈয়দ খুরশীদ শাহ, সৈয়দ নাভিদ কামার, শেরি রহমান, আবদুল কাদির প্যাটেল, শাজিয়া মারি, সৈয়দ মুর্তজা মাহমুদ, সাজিদ হোসেইন তুরি, ইহসান উর রহমান মাজারি ও আবিদ হোসেইন ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেন। তবে গুঞ্জন থাকলেও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো কোনো মন্ত্রিত্ব নেননি।
ডনের প্রতিবেদন অনুযায়ী, মুত্তাহিদা মজলিস-ই-আমলের আসাদ মাহমুদ, আবদুল ওয়াসাই ও আবদুল শাকুর, জমিয়ত উলেমা-ই-ইসলামের সিনেটর মুহাম্মদ তালহা মাহমুদ, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের আমিনুল হক ও ফয়সাল সাবজাওয়ারি, বেলুচিস্তান আওয়ামী পার্টির মুহাম্মদ ইসরার তারিন, জমহুরি ওয়াতান পার্টির নবাবজাদা শাজেইন বুগতি এবং পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের তারিক বশির চিমা পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
হিনা রব্বানির পাশাপাশি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন পিএমএল-এন’র আইশা গাউস পাশা ও আবদুল রহমান খান কাঞ্জু। এ ছাড়া পিপিপির কামার জামান কায়রা, পিএমএল-এন এর আমির মুকাম এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছেড়ে আসা জাহাঙ্গীর তারিন গ্রুপের আউন চৌধুরীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
