হোম খেলাধুলা শামিকে হেনস্তার বিষয়ে কথা বললেন কোহলি

খেলাধুলা ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায় বলির পাঁঠা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র মুসলিম ক্রিকেটার মোহাম্মদ শামি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সমর্থকরা বর্ণবাদী মন্তব্য করেছেন শামিকে নিয়ে। এ বিষয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি এতদিন চুপ থাকলেও শনিবার (৩০ অক্টোবর) মুখ খুলেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের ম্যাচে শামি কোনো উইকেট পাননি, ৩.৫ ওভারে দিয়েছেন ৪৩ রান। যা ভারতের বোলারদের পক্ষে সর্বোচ্চ রান খরচের হিসাব। তাই সমালোচনা শুরু হয় শামিকে নিয়ে। এ সম্পর্কে শনিবার সংবাদ সম্মেলনে ভারত দলের অধিনায়ক বলেন, কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে নানারকম ট্রল করে। ওদের সৎসাহস নেই, শিরদাঁড়াও নেই। বাইরে কী হচ্ছে না হচ্ছে, তাতে আমরা কান দিই না। আমাদের একমাত্র লক্ষ্য ভালো খেলা।

পাকিস্তানের বিপক্ষে হারের পর শামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাকে পাকিস্তানের দালাল অ্যাখ্যা দিয়ে হাজার হাজার মন্তব্য জমা পড়েছে গত কয়েক দিনে। মুসলিম হওয়ায় অনেকেই শামিকে পাকিস্তানের দালাল হিসেবেও অ্যাখ্যা দিচ্ছেন। এ সম্পর্কে কোহলি বলেন, শামির ধর্ম তুলে ট্রোল করা নিঃসন্দেহে সবচেয়ে দুঃখজনক ঘটনা।

২৪ অক্টোবর ভারতকে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারিয়েছে পাকিস্তান। ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতে ১৩ বল হাতে রেখেই পেরোয় বাবর আজমের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫১ রানের জবাব উদ্বোধনী জুটিতেই দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে পাকিস্তান দুই ওপেনার বাবর আজম ৬৮ ও মোহাম্মদ রিজওয়ান ৭৯ রান করেন।

এর আগে পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি সংগ্রহ করে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে টিম ইন্ডিয়া। টস জিতে ফিল্ডিং করতে নেমে ভারত শিবিরে শুরুতেই আঘাত হানেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারের চতুর্থ বলেই রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তান পেসার। গোল্ডেন ডাক দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। এরপরের ওভারে বল হাতে নিয়েই লোকেশ রাহুলকে সরাসরি বোল্ড করেন আফ্রিদি। তার জোড়া আঘাতে অনেকটা চাপের মধ্যে পড়ে যায় টিম ইন্ডিয়া।

তিন উইকেট হারিয়ে চাপে পড়ার পর বিরাট ও পন্ত মিলে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। দু’জনে মিলে গড়ে তুলেন ৫৪ রানের জুটি। এ সময় তুলনামূলক মেরে খেলতে থাকা রিশাভ পযর্ন্ত বিদায় নেন শাদাব খানের বলে। পন্ত ৩০ বলে করেন ৩৯ রান। পন্ত ফিরে গেলেও স্কোর বড় করতে থাকেন কোহলি। ৪৫ বলে ৪ চার ও এক ছয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। অন্য প্রান্তে থাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি জাদেজা। ১৩ বলে ১৩ রান করে হাসান আলির বলে মোহাম্মদ নেওয়াজের ক্যাচ হয়ে ফিরেন তিনি।

আফ্রিদি শেষ দিকে তুলে নেন পাকিস্তানের জন্য ভয়ংকর হয়ে ওঠা কোহলিকেও। উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ফেরার আগে ৪৯ বলে করেন ৫৭ রান। এরপর হার্দিক পান্ডিয়ার ১১ ও ভুবনেশ্বর কুমারের ৫ রানে ভর করে ১৫১ রানে পৌঁছায় বিরাট কোহলির দল। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন আফ্রিদি। ৪ ওভারে তিনি রান খরচ করেন ৩১ রান। দুই উইকেট নেন হাসান আলি। একটি করে উইকেট পান শাদাব খান ও হারিস রউফ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন