আন্তর্জাতিক ডেস্ক :
নানামুখী দাবিতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লিবিয়া। পার্লামেন্টের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। এদিকে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল সুদান। দেশটিতে শুক্রবার (১ জুলাই) বিক্ষোভে ৯ জন নিহত হওয়ার পর আরও বড় পরিসরে রাস্তায় নেমে আসেন হাজারো আন্দোলনকারী। অন্যদিকে বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ স্পেনেও।
দাউ দাউ করে জ্বলছে আগুন। শুক্রবার লিবিয়ার পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। দেশটির রাজনৈতিক দলগুলোর ওপর নিজেদের ক্ষোভ প্রকাশ করতে ফুঁসে ওঠেন বিক্ষুব্ধরা। এ সময় ইট পাটকেলও নিক্ষেপ করতে থাকেন তারা।
একই ইস্যুতে তোবরুক বেনগাজিসহ দেশটির বেশ কয়েকটি শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এসময় ব্যানার হাতে সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
তারা বলেন, আমাদের দাবিগুলো খুব স্পষ্ট। আমাদের বিদ্যুতের সংকটের সমাধান করতে হবে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কাউন্সিলকে ক্ষমতা দিতে হবে। আইন সভা ভেঙে দিতে হবে। বিদেশি শক্তিকে দেশ থেকে তাড়াতে হবে। এগুলো এখন জাতীয় দাবি।
২০১১ সালে স্বৈরশাসক গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এরপর তেল সমৃদ্ধ দেশটিতে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার কথা থাকলেও তা এখনো না দিয়ে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবাহ।
এদিকে, সুদানে শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৯ আন্দোলনকারীর মৃত্যুর পর এখনো থামেনি বিক্ষোভ। শনিবারও (২ জুলাই) দেশটির রাজধানী খারতুমের রাস্তায় নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভকারী ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে পাল্টা ইট পাটকেল ছুঁড়তে থাকেন বিক্ষুব্ধরা। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় আশপাশের এলাকা।
গেল বছর সামরিক অভ্যুথানের পর থেকে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে সুদানের সাধারণ মানুষ। তবে ক্ষমতা থেকে না সরে নানাভাবে দমন-পীড়ন চালিয়েছে ক্ষমতাসীনরা। এ অবস্থায় এখন পর্যন্ত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে শিশুসহ শতাধিক নিহত হয়েছেন।
অন্যদিকে বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ স্পেনেও। গেল মাসে মেলিলা ও মরক্কোর স্প্যানিশ ছিট মহলের সীমান্তে ২৩ জনের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন দেশটির হাজার হাজার মানুষ। এসময় বর্ণবাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।
