হোম আন্তর্জাতিক লন্ডন থেকে ফিরছেন নওয়াজ শরিফ!

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ ঈদুল ফিতরের পর লন্ডন থেকে দেশে ফিরবেন।

রোববার (১০ এপ্রিল) পিএমএল-এন নেতা মিয়া জাভেদ লতিফ এ কথা জানিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

জাভেদ লতিফ বলেন, নওয়াজের সম্ভাব্য দেশের ফেরা নিয়ে প্রথমে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

এর আগেও জাভেদ লতিফসহ অনেক পিএমএল-এন নেতা নওয়াজের দেশে ফেরার দাবি করেছেন।

আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ। এরপর তিনি আর পাকিস্তানে ফেরেননি।

শনিবার (১০ এপ্রিল) মধ্যরাতে ইমরান খান সরকার উৎখাতের পর নওয়াজের দেশে ফেরা আরও জোরালো হয়ে উঠল।

তবে নওয়াজের মুখপাত্র মুহাম্মদ জুবায়ের পিএমএল-এনের সর্বোচ্চ নেতার ফেরা নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি। তিনি বলেন, এটি স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে আপাতত কিছু বলা যাবে না।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের নতুন জোট সরকারের মেয়াদ ছয় মাসের বেশি হবে না। নতুন নির্বাচনে যেতে জোট সরকারের কমপক্ষে সাত মাস সময় লাগতে পারে। এই সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী সংস্কার সম্পন্ন করতে হবে।

এদিকে সরকারের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নওয়াজের ছোট ভাই ও পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) চূড়ান্ত ফলাফল জানা যাবে।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন