হোম জাতীয় রোজার প্রথম দিনেই ঢাকায় তীব্র গ্যাস সংকট

জাতীয় ডেস্ক :

শুরু হয়েছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। রোববার (৩ এপ্রিল) প্রথম রোজায় ইফতারের খাবার প্রস্তুত করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে বহু পরিবারকে। রোজার প্রথম দিনেই রাজধানীতে দেখা দিয়েছে গ্যাস সংকট। এতে ইফতারের খাবার প্রস্তুত করতে না পেরে অনেক রোজাদার ভিড় করেন রেস্টুরেন্টে।

রাজধানীর কাঁঠালবাগান এলাকার বাসিন্দা শেফালী বেগম তোড়জোর করছিলেন পরিবারের সবার জন্য রোজার প্রথমদিনের ইফতার তৈরির। কিন্তু বাদ সাধে গ্যাসের চুলার আগুন। একদমই জ্বলছিল না। পুরো দিনজুড়েই নাকি এই অবস্থা।

তিনি বলেন, দুপুর ১২টা থেকেই রান্না শুরু করি। কিন্তু সব তৈরি রেখেও সন্ধ্যা পর্যন্ত গ্যাস আসেনি।

রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে খাবার প্রস্তুত করতে পারেননি স্বল্প আয়ের মানুষও। এতে পরিবারের শিশু থেকে শুরু করে বিপাকে পড়েন সবাই।

ভুক্তভোগীরা বলেন, প্রথম রোজার দিনই গ্যাস নিয়ে সংকটে পড়তে হয়েছে। আমরা তো এতটা সামর্থ্যবান না যে বাইরে থেকে খাবার কিনে এনে খাবো। বাচ্চাদের জন্যও সারাদিন খাবার প্রস্তুত করতে পারিনি।

পরিস্থিতি যখন এমন, তখন বাধ্য হয়েই ভিড় বাড়ে স্থানীয় রেস্টুরেন্টগুলোতে। তারা বলেন, সব কিছুই তৈরি করে রাখা হয়েছিল। কিন্তু গ্যাস আসেনি। ফলে বাধ্য হয়ে রেস্টুরেন্টে আসতে হয়েছে।

এদিকে, বিদ্যুৎ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহে ঘাটতিজনিত কারণে কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

এর আগে তিতাস জানিয়েছিল, গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তিতাসের বক্তব্য, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য উত্তোলন স্বল্পতায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। একই কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুতও পাওয়া যাচ্ছে না।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন