খেলাধূলা ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগের মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টটেনহ্যাম হটস্পারের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ক্যারিয়ারে এই নিয়ে সপ্তমবারের মতো প্রিমিয়ার লিগে মাস সেরা খেলোয়াড় হলেন কেইন।
প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে শুক্রবার (০১ এপ্রিল) কেইনের সেরা হওয়ার খবরটি জানানো হয়। মার্চ মাসে লিগে মোট চার গোল করেন তিনি। এবারের মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে রেকর্ড আগুয়েরোর পাশে নাম লেখালেন কেইন। কেইন স্পর্শ করলেন ইংল্যান্ডের শীর্ষ লিগে সবচেয়ে বেশি (৭ বার) পুরস্কারটি জয়ের রেকর্ড। ২০১৭ সালের ডিসেম্বরে শেষবার সেরা খেলোয়াড় হয়েছিলেন কেইন।
মার্চে লিগে এভারটনের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন কেইন। এছাড়া ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের ৩-২ ব্যবধানে হারের ম্যাচে একটি করে গোল করেন তিনি। এছাড়াও মার্চ মাসে দুইটি অ্যাসিস্টও করেছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। চলতি মৌসুমে ১২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে তিনি গোল করিয়েছেন ৫টি।
ক্লাব ফুটবলের দারুণ ছন্দ জাতীয় দলেও ধরে রাখেন কেইন। গত ২৬ মার্চ সুইজারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে স্পট কিক থেকে একটি গোল করেন তিনি। সেই গোলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছেন কেইন। গ্যারি লিনেকারকে (৪৮) ছাড়িয়ে স্যার ববি চার্লটনের (৪৯) পাশে এখন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। তার ওপরে আছেন কেবল ওয়েইন রুনি (৫৩)।
