হোম আন্তর্জাতিক রাষ্ট্রপতিকে নিয়ে কংগ্রেস নেতার বক্তব্যে উত্তাল লোকসভা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে এক কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল লোকসভা। মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলায় পার্লামেন্টে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। খবর দ্য ইকোনমিক টাইমস।

দেশের কাছে সোনিয়া গান্ধীকেও ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে দলটি। এরই মধ্যে, বিতর্কিত ওই মন্তব্যের জন্য অধীর চৌধুরী ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন সোনিয়া।

বৃহস্পতিবার অধিবেশন শুরুর পর থেকেই ভারতের লোকসভায় ছড়াতে থাকে উত্তাপ। নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিতর্কিত মন্তব্যের জেরে তার তীব্র সমালোচনা করেন বিজেপির আইনপ্রণেতারা। কংগ্রেসকে দলিত ও আদিবাসিবিরোধী দল বলেও অভিহিত করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি। একই সঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও দলটির সভানেত্রী সোনিয়া গান্ধীকে জাতির কাছে ক্ষমা চাইতেও বলেন তিনি। এ ঘটনার প্রতিবাদে পার্লামেন্টের বাইরেও বিক্ষোভ করেন বিজেপির আইনপ্রণেতারা।

এদিকে, এ ঘটনায় এরই মধ্যে ক্ষমা চেয়েছেন অধীর চৌধুরী। ভারতীয় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, রাষ্ট্রপতি বলতে গিয়ে মুখ ফসকে ভুলে ‘রাষ্ট্রপত্নী’ বলে ফেলেছেন তিনি। যদিও, এ ঘটনায় কংগ্রেসকে নিয়ে বিজেপির করা মন্তব্যেরও বিরোধিতা করেন অধীর চৌধুরী। বলেন, যিনিই এ দেশের প্রেসিডেন্ট পদে আসীন হন না কেন, কংগ্রেস তাকে সর্বোচ্চ সম্মান দেবে।

সম্প্রতি দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভরত অবস্থায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নি’ বলে সম্বোধন করেন অধীর চৌধুরী। এরপর থেকেই বিষয়টি নিয়ে পার্লামেন্টের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন