হোম আন্তর্জাতিক রাশিয়ার পথে ইসরাইলি প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে ইসরাইলের একটি প্রতিনিধি দল। ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের কার্যালয় জানিয়েছে, একটি ইহুদি দাতব্য সংস্থার কার্যক্রম নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। ইহুদিদের রাশিয়া থেকে ইসরাইলে পাড়ি জমাতে এই সংস্থাটি সহায়তা করে আসছিল। ইহুদি দাতব্য সংস্থাটির রুশ শাখা বন্ধ করে দিতে চাচ্ছে রাশিয়ার বিচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার রুশ আদালতে এ নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনের কথা রয়েছে।

রাশিয়ার সঙ্গে সংকটের মধ্যেই এই ঘটনা ইসরাইলে নতুন হতাশা তৈরি করেছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গিয়েও তার প্রভাব পড়তে পারে। ইহুদি সম্প্রদায়ের বড় একটি অংশের বাস রাশিয়ায়।

ইয়ার লাপিদের কার্যালয় জানিয়েছে, রুশ কর্তৃপক্ষের সমন্বয়ে ইসরাইলি প্রতিনিধিরা মস্কোর উদ্দেশে রওনা দিয়েছে। তারা রুশ সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলবেন।

রাশিয়ায় প্রায় ছয় লাখ ইহুদি ইসরাইলে অভিবাসনের যোগ্য। কর্মকর্তারা বলছেন, ইহুদি সংস্থাকে ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর ইসরাইলে পাড়ি জমাতে আবেদনের সংখ্যা বাড়ছে।

ইয়ার লাপিদ বলেন, ইহুদি সংস্থাটির শাখা বন্ধ করে দিলে তা দুদেশের সম্পর্কের মারাত্মক পরিণতি তৈরি করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন