বাণিজ্য ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত বন্দর লস অ্যাঞ্জেলস। একের পর এক সাইবার হামলায় বিপর্যয়ের মুখে পড়েছে বন্দরটি। কর্তৃপক্ষ ধারণা করছে, ইউরোপ-রাশিয়ার হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে এ আক্রমণ চালাচ্ছে।
লস অ্যাঞ্জেলস বন্দরের মহাপরিচালক জেনে সেরোকা বার্তা সংস্থা বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, প্রতি মাসে প্রায় ৪০ মিলিয়ন সাইবার হামলা হচ্ছে বন্দরটির ওপরে। বেশিরভাগ হামলা হচ্ছে রাশিয়া ও ইউরোপের কিছু অংশ থেকে। আমাদের এ বন্দরে প্রতি বছর ২৫০ বিলিয়ন ডলারের ব্যবসা হয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য রক্ষার স্বার্থে আমাদের উচিত এসব হামলার বিরুদ্ধে আওয়াজ তোলা।
সাইবার হামলার মাধ্যমে হ্যাকারদের মূল উদ্দেশ্য বন্দরের কাজকে মন্থর করে ফেলা। এর জন্য হ্যাকাররা র্যানসমওয়ার, মালওয়ার ও হার্ভেস্টিং অ্যাটাকের মতো পথগুলো বেছে নিয়েছে।
এদিকে লাগাতার হামলা ঠেকাতে এফবিআইয়ের সঙ্গে পোর্ট কর্তৃপক্ষ গড়ে তুলছে এক শক্তিশালী সাইবার নিরাপত্তা নেটওয়ার্ক। সাইবার নিরাপত্তা রক্ষায় মিলিয়ন ডলার খরচ করছে পোর্ট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সেরোকা বলেন, ‘আমরা আগে থেকেই সতর্কতামূলক অবস্থানে রয়েছি। কার্গো কার্যক্রমগুলো যাতে স্বাভাবিক থাকে সেলক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আমাদের মূল লক্ষ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখা।’
