জাতীয় ডেস্ক :
রাজশাহীতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা ৩০ লাখ টাকার ৬৩০টি ভারতীয় শাড়ী উদ্ধারসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর কাশিয়াডাঙ্গা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: আলী হাসান (২৬), মোখলেছুর রহমান (৩৫), মহসিন আলী (৪২), মোছা. নূরজাহান খাতুন (৪৫), মোছা. সীমা খাতুন (৪০) ও শাহিনুর খাতুন (৪২)।
বিজিবি রাজশাহী ১-এর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা চৌরাস্তা এলাকায় একটি মাইক্রোবাস আটক করা হয়।
আটক মাইক্রোবাস থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৬৩০টি বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ টাকা। গাড়ি ও আসামিসহ উদ্ধার মালামাল কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
