বাণিজ্য ডেস্ক :
হঠাৎ রডের দাম বেড়ে যাওয়ার কারণ খুঁজতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে অভিযান পরিচালনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ধারণা করা হচ্ছে, সিন্ডিকেটের প্রভাবে রডের দাম বৃদ্ধি পাচ্ছে।
বুধবার (২৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে সংসদীয় এই কমিটির বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম নিয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, হঠাৎ রডের দাম বেড়ে যাওয়ায় অবকাঠামো নির্মাণের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমিটি ভোক্তা অধিকার অধিদফতরকে অভিযান পরিচালনার জন্য বলেছে। এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, সেটা খুঁজে দেখতে সুপারিশ করা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে এ বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।
নয় মাস আগে যেখানে রডের দাম প্রতি টন ৬২ হাজার টাকা ছিল, এখন তা ৯২ হাজার টাকা হয়েছে। এ জন্য ইউক্রেন যুদ্ধের কারণে কাঁচামালের সরবরাহ সংকটকে দায়ী করছেন উৎপাদনকারীরা।
