খেলাধূলা ডেস্ক :
পর্তুগালের জার্সি গায়ে ক্রিস্টিয়ানো রোনালদো আর আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসি ২০০৬ বিশ্বকাপ থেকে মাঠ মাতিয়ে যাচ্ছেন। টানা চার বিশ্বকাপে খেলে গেলেও, এই দ্বৈরথ বিশ্বকাপ ম্যাচে এখনও একে অপরের মুখোমুখি হননি। তবে ফুটবল প্রেমীদের সে আকাঙ্ক্ষা এবার পূরণ হতে পারে কাতার বিশ্বকাপে। সেক্ষেত্রে দুই দলকে পাড়ি দিতে হবে শেষ চারে। আবার সম্ভাবনা আছে ফাইনালে মুখোমুখি হওয়ারও। চলুন জেনে নেওয়া যাক যে সমীকরণে কাতারে মুখোমুখি হতে পারে মেসি-রোনালদো।
গত ১ এপ্রিল কাতারের দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ২০২২ বিশ্বকাপের ড্র। যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ হয় গ্রুপ ‘সি’তে। গ্রুপে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরবকে। অন্যদিকে আট গ্রুপের মধ্য সবশেষ গ্রুপ ‘এইচ’ এ জায়গা করে নিয়েছে পর্তুগাল। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানাকে।
আপাতত দৃষ্টিতে দুই দলেরই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দ্বিতীয় হলেও থেমে যাবে না তাদের বিশ্বকাপ মিশন। আর্জেন্টিনা গ্রুপ ‘সি’-র সেরা হলে শেষ ষোলোতে ডেনমার্কের সামনে পড়তে পারে (‘ডি’ গ্রুপে ফ্রান্সের পর ডেনমার্ককে দুই নম্বরে ধরে)। পর্তুগাল ‘এইচ’ গ্রুপে সেরা হলে শেষ ষোলোতে পড়তে পারে সুইজারল্যান্ডের বিপক্ষে (‘জি’ গ্রুপে ব্রাজিলকে সেরা ধরে সুইজারল্যান্ডকে ধরা হয়েছে দ্বিতীয়)।
সে ক্ষেত্রে নকআউট পর্বের প্রথম ধাপে পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেতে পারে সুইজারল্যান্ডকে। আর আর্জেন্টিনা মুখোমুখি হবে ডেনমার্কের। এরপর কোয়ার্টার ফাইনাল রোনালদোর প্রতিপক্ষ হতে পারে বেলজিয়াম/স্পেন/জার্মানির মতো ফুটবল পরাশক্তির দলগুলো। আর্জেন্টিনা অবশ্য এক্ষেত্রে সম্ভাব্য দল হিসেবে নেদারল্যান্ডসকে পেতে পারে। এরপর সেমিফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে ফ্রান্স অথবা ইংল্যান্ডের।
অন্যদিকে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করবে স্পেন/জার্মানি/ব্রাজিলের মতো বিশ্বকাপ জয়ী দলগুলো। সব অগ্নিপরীক্ষা উতরে যেতে পারলে ফাইনালে দেখা যাবে সে মহারণ, যে মহারণের জন্য অধীর আগ্রহে বসে আছে ফুটবল বিশ্ব। তবে ফাইনালে দুই দলই উঠতে ব্যর্থ হলে, সে মহারণ দেখা যাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
এ পর্বে উতরে গেলে কোয়ার্টার ফাইনালে মেসিরা প্রতিপক্ষ হিসেবে পাবেন ইংল্যান্ড অথবা নেদারল্যান্ডকে। আর রোনালদোরা শেষ আটে মুখোমুখি হতে পারেন স্পেন, জার্মানি ও বেলজিয়ামের মতো প্রতিপক্ষের। এই কঠিন সমীকরণ উতরে যেতে পারলেই সেমিফাইনালে ফুটবল বিশ্ব প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে দেখতে পারবে মেসি-রোনালদোর লড়াই। আর যদি দুই দলের সেমিফাইনালে দেখা না হয়, তাহলে ফাইনালে কাতারে দেখা যেতে পারে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় মহারণ। আবার দুই দল যদি সেমিফাইনালে বাদ পড়ে তাহলে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দেখা হবে বর্তমান ফুটবল বিশ্বের দুই মহা তারকার।
এদিকে দুই দলই যদি গ্রুপ পর্বের লড়াইয়ে দ্বিতীয় হয়, তাহলেও ফাইনালের আগে দু’দলের দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে কোনো এক দল যদি সেরা ও অন্য দল দ্বিতীয় হয় তাহলে মেসি-রোনালদো মহারণ দেখা যাবে সেমিফাইনালে।
আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’। কত না চড়াই-উতরাই আর অনিশ্চয়তা জেঁকে বসেছিল কাতার বিশ্বকাপ আয়োজনে। কিন্তু সব বাধা পাড়ি দিয়ে এখন মূল মঞ্চের অপেক্ষায় আয়োজকরা। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ৩২ দলের মধ্যে ২৯টি। বাকি আছে তিন দল। তাদের জন্য অপেক্ষায় থাকতে হবে ১৪ জুন আন্তঃমহাদেশীয় প্লে অফ রাউন্ড পর্যন্ত।
