হোম অর্থ ও বাণিজ্য যুক্তরাষ্ট্রে ১২ হাজার মানুষের কর্মসংস্থান করছে গুগল

বাণিজ্য ডেস্ক :

চলতি বছর যুক্তরাষ্ট্রের গুগল অফিস ও তথ্য সেন্টারে প্রতিষ্ঠানটি ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। নতুন এই বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বুধবার (১৩ এপ্রিল) গুগল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। আগের বছর এই খাতে গুগলের বিনিয়োগের পরিমাণ ছিল ৭ বিলিয়ন ডলার।

এ ব্যাপারে গুগল জানিয়েছে, নতুন এই বিনিয়োগে যুক্তরাষ্ট্রের নেভাডা, নেবরাস্কা ও ভার্জিনিয়ায় গুগলের তথ্য সেন্টারে ১২ হাজার মানুষের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ হবে।

এছাড়াও আটলান্টায় নতুন অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এর পাশাপাশি নেভাডায় নিজেদের তথ্য সেন্টার বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে গুগল।

উল্লেখ্য, করোনার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত গুগল ‘ওয়ার্ক ফ্রম হোম’ পলিসি অনুসরণ করে আসছিল। এমতাবস্থায় নিজেদের অফিসে এই বিপুল পরিমাণ বিনিয়োগ নিয়ে গুগল জানিয়েছে, ‘যদিও আমরা হোম অফিসের দিকে জোর দিয়ে আসছিলাম, তবুও এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে আমাদের ক্যাম্পাসকে আরও সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। আপতদৃষ্টিতে আমাদের কার্যক্রম সাংঘর্ষিক মনে হলেও, আমরা দুদিক বিবেচনা করেই সব কাজ করছি।’

করোনা পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হয়ে আসায় গুগল চাইছে তার কর্মীরা এবার অফিসে ফিরে আসুক। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও এশিয়া প্যাসিফিকে গুগলের কর্মীদের অফিসের ফেরার কথা বলা হয়েছে। তবে এখনি পুরোদমে অফিস করতে হবে না কর্মীদের। সপ্তাহে তিন দিন করে অফিসে ফেরার মাধ্যমে কর্মীদের কর্মস্থলমুখী করতে চাইছে গুগল।

২০২১ সালের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত বছর বিখ্যাত এই টেক প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ব্যবসাখাতে ৬১৭ বিলিয়ন ডলার অবদান রেখেছিল। এর আগে ২০২০ সালে এই অর্থের পরিমাণ ছিল ৪২৬ বিলিয়ন ডলার। বর্তমানে গুগলে ৮৪ হাজার কর্মী কর্মরত আছেন।

সূত্র: রয়টার্স

সম্পর্কিত পোস্ট

মতামত দিন