জাতীয় ডেস্ক :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আলতাফ হোসেন ফিরোজ (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ জুন) রাত ১২টার দিকে উপজেলায় কচাকটা পুলিশ থানাধীন বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি গ্রামে এ ঘটনায়। ফিরোজ রাঙ্গালীরকুটি গ্রামের মৃত মুল্লুক চানের ছেলে।
এলাকাবাসীরা জানান, ফিরোজ পার্শ্ববর্তী আবুল মোড় এলাকায় গালামালের দোকান করতো।
শনিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফিরোজ। পথে বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি গ্রামে বাঁশঝাড়ের পাশের রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি মারধর করে। এ সময় ফিরোজের আত্মচিৎকারে লোকজন ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন ফিরোজকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসার পর তার মৃত্যু ঘটে।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির করে। এরপর ফিরোজের মরদেহ উদ্ধার করে রোববার (২৬ জুন) সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জুলমাত আলী ও রফিকুল ইসলাম জানিয়েছেন, মধ্যরাতে চিৎকার শুনে দৌড়ে গিয়ে ফিরোজকে পড়ে থাকতে দেখেন তারা। ফিরোজের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত দেখতে পেয়েছেন তারা।
নিহত ফিরোজের বড় ভাই সাদ্দাম হোসেনের স্ত্রী জেসমিন আক্তার জানান, ফিরোজ সহজ সরল ছিল। প্রতিদিন বন্ধুরা তাকে ডেকে নিয়ে যেতো। অনেক রাত পর্যন্ত বাইরে আড্ডা দিত। এ নিয়ে তার বড় ভাই সব সময় রাগারাগি করতেন। তিনি খুনিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
এ প্রসঙ্গে কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম জানান, এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের বড়ভাই সাদ্দাম হোসেন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি রেকর্ডের কার্যক্রম চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
