হোম জাতীয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য আত্মগোপনে থেকে ভেড়া পালন করতেন

জাতীয় ডেস্ক :

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেনকে (৪৪) নওগাঁয় গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে জেলার পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম। গ্রেফতার সানোয়ার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চাঁদপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে আখিউল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে এন্টি টেররিজম ইউনিট চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সন্ত্রাসবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেনের ওপর নজরদারি শুরু করে।

একপর্যায়ে জানা যায়, সানোয়ার হোসেন পত্নীতলা উপজেলার চাঁদপুর এলাকায় নাম পরিবর্তন করে আব্দুল্লাহ নামে আত্মগোপন করে আছেন। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন এবং ভেড়া পালন করতেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

১০ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আত্মগোপন থেকে তিনি পুরাতন জেএমবিকে সক্রিয় করার কাজও করছিলেন। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সন্ত্রাসবিরোধী মামলা (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ছাড়াও আর দুটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে।

গত ২০১৯ সালের ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সালমান হত্যা মামলায় গ্রেফতার তিনজনকে মৃত্যুদণ্ড দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন