বাণিজ্য ডেস্ক :
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের দেশ মূল্যস্ফীতির আঘাত সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের রেগুলেটর (নিয়ন্ত্রক) প্রধান এলভিরা নেবুলিনা অ্যাসোসিয়েশন অব রাশিয়ান ব্যাংকের সভায় এ তথ্য জানান।
নেবুলিনা বলেন, ‘মূল্যস্ফীতি এক দিনে কাটিয়ে ওঠার বিষয় না। একদিকে চলছে করোনা পরবর্তী নতুন বৈশ্বিক সংকট, অন্যদিকে আমাদের মাথার ওপরে একগাদা নিষেধাজ্ঞা। তবে সামলে উঠছি আমরা। নতুন বিশ্বের সঙ্গে খাপ খাওয়াচ্ছি নিজেদের।’
তিনি বলেন, ‘সামনের সময়টা আমাদের জন্য একটু কঠিন। কোম্পানি ও সাধারণ মানুষদের জন্য এই কঠিন সময়ের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।’
এ ব্যাপারে রাশিয়ার কেন্দীয় ব্যাংক বলেছে, বিগত দুইমাস রাশিয়াকে কৌশলী সময় কাটাতে হয়েছে। সামলাতে হয়েছে নিদারুণ নিষেধাজ্ঞার বাণ। সুইফট থেকে রাশিয়াকে বের করে দেয়া হয়েছে, ফ্রিজ করে দেয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্টগুলো, পশ্চিমারা রুশ ব্যবসায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সবদিক থেকে রাশিয়াকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।
নেবুলিনা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য নতুন সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্য প্রস্তুত হওয়া। এতে করে আমরা অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা ধরে রাখতে পারব, সামলাতে পারব মূল্যস্ফীতির চাপ।’
রুবলের মান পড়ে যেতে শুরু করলে, দেশের বাজারে মুদ্রা ব্যবস্থা কঠোর করে রাশিয়া। মার্চে রাশিয়ার মূল্যস্ফীতি ২০ শতাংশ উঠে গেলেও, রাশিয়ার নেয়া নানামুখী পদক্ষেপে এপ্রিলে এসে নামতে শুরু করে মূল্যস্ফীতির হার। মাত্র এক মাসে এতখানি ইতিবাচক পরিবর্তনকে নেবুলিনা ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন।
আগাম সতর্কবাণী দিয়ে নেবুলিনা বলেন, ‘এখনই কোনো সিদ্ধান্ত বা মন্তব্য করতে চাচ্ছি না। আমাদের এখন বড় রকমের আর্থিক উৎসের প্রয়োজন। রাশিয়ার অর্থনীতির মানদণ্ডকে ঢেলে সাজাতে হবে। অর্থনৈতিক অবকাঠামো ঠিক রাখতে বড় কোনো ঝুঁকি নেয়া যাবে না। ধীরে-সুস্থে আগাতে হবে আমাদের।’
নেবুলিনা বলেছেন, ‘আমাদের নতুন নতুন পথ খুঁজে বের করতে হবে।’ এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিন বলেছিলেন, ‘আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কমপক্ষে ৬ মাস সময় প্রয়োজন।’
সূত্র: আরটি
