শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও এলাকাবাসী।
সোমবার (১১ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভূক্তভোগী মুক্তিযোদ্ধা ও স্বজনরা অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী এলাকার মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকিরের পরিবার সাড়ে ১৬ শতাংশ জমি ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছেন। সম্প্রতি জমিটি দখলের পাঁয়তারা করেন স্থানীয় আইয়ুব আলী ও শিবির নেতা বেলাল তার সহযোগীরা।
এ ব্যপারে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান অভিযোগ করে বলেন, অভিযুক্তরা স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবির নেতা বেলাল হোসেনের সহায়তায় ২০-৩০ জন ভাড়াটিয়া লোক নিয়ে ওই জমি দখল করে নেয়। তাদের অপতৎপরতা ও ভয়ভীতি দেখানোর কারণে ভূক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার পালিয়ে যান।
মানববন্ধনে অংশ নেয়া উপজেলার মুক্তিযোদ্ধারা ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জমি জবর দখল মুক্ত ও দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলমুক্ত ও দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ।
