জাতীয় ডেস্ক :
নাটোরের লালপুরে ভটভটি চালককে হত্যার দায়ে মাসুদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালের ২৫ জুন রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার বাসা থেকে ভটভটি চালক জুয়েলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তার বন্ধু মাসুদ। পরদিন নাটোরের লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকার একটি জমি থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত জুয়েলের পিতা জহুরুল ইসলাম বাদী হয়ে ২৫ জুন মীরগঞ্জ এলাকার মাসুদ ও তার বড় ২ ভাই আয়নাল ও মুকুলকে অভিযুক্ত করে লালপুর থানায় মামলা করেন। এরপর অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক মাসুদকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় আয়নাল ও মুকুলকে খালাস দেন আদালত।
