জাতীয় ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী আহতের ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জয়নাল আবেদীন জিতু (৫৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জয়নালের মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
জয়নালের ছেলে জহিরুল ইসলাম জুয়েল জানান, তাদের বাড়ি চাঁদপুর কচুয়া উপজেলায়। তার বাবা-মা দুজন জুরাইন পাটেরবাগে থাকেন। ২ ছেলে ১ মেয়ের জনক তিনি। এ ঘটনায় তার মা ফেরদৌসী বেগমও আহত হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে যাত্রীবাহী বাস ধাক্কায় সিএনজি উল্টে চালকসহ ৫ জন আহত হয়। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন- সিএনজি চালক মহির উদ্দিন (৩৬), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি’র গাড়িচালক জয়নাল আবেদীন জিতু (৫৫), তার স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫), লাইনম্যান কবির আকন্দ (৫৮) ও পিয়ন মালতি রায় চৌধুরী (৫০)।
আহত সিএনজি চালক মহির উদ্দিন জানান, তাদের চারজনকে খিলগাঁও তালতলা থেকে সিএনজি অটোরিকশায় নিয়ে যাচ্ছিলেন জুরাইনে। পথে যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্রিজের ওপরে মৌমিতা পরিবহন একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে তারা আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
ঢাকা মেডিকেলে তাদের সঙ্গে থাকা ডিপিডিসির লাইনম্যান আব্দুল আলিম জানান, খিলগাঁও তালতলা এলাকায় আজ তাদের অফিস স্টাফদের নির্বাচন হচ্ছিল। সেখানে থেকে অটোরিকশায় বাসায় ফেরার পথে তারা ৪ জন এ দুর্ঘটনার শিকার হন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইওভার ব্রিজের ওপরে বাস ধাক্কায় অটোরিকশার আরোহী আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই মৌমিতা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
