রাজনীতি ডেস্ক :
জাতিসংঘের রিপোর্টে বাংলাদেশের নাম না থাকাই প্রমাণ করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা, এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীনরা। তবে বিএনপি নেতারা বলছেন, মানবাধিকার পরিস্থিতি চরম উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে বলেই বাংলাদেশ সফরে আসেন মিশেল ব্যাচেলেট।
আগামী ৩১ আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট তার মেয়াদ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের দৃষ্টিতে নিজের মেয়াদে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরেন।
তবে সম্প্রতি তার বাংলাদেশ সফরের সময় বিএনপি তার কাছে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নালিশ করলেও মিশেলের সংবাদ সম্মেলনে গুম, হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত যেসব দেশের নাম এসেছে সেখানে নেই বাংলাদেশের নাম।
তাই শনিবার (২৭ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনে বাংলাদেশের নাম না থাকায় প্রমাণ হয়েছে, বিএনপির অভিযোগ মিথ্যা।
তিনি বলেন, মানবাধিকারের বিষয়ে যেসব দেশে সংকট আছে, সেই তালিকায় বাংলাদেশের নাম নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মত এটা। অথচ বিএনপি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। তাদের ভিত্তিই হচ্ছে অপপ্রচার। মিথ্যার ওপর তাদের অবস্থান।
রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মিশেলের এই পর্যবেক্ষণই প্রমাণ করে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই।
তবে এখনও চোখ খুলছে না বিএনপি নেতাদের। প্রতিবেদন আমলে না নিয়ে নেতারা বলছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বাংলাদেশ সফরই প্রমাণ করে, এদেশে মানবাধিকার লুণ্ঠন হচ্ছে।
বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সফর মানেই হচ্ছে যে তারা মনে করেন, বাংলাদেশে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
এছাড়া বিএনপিকে বিদেশি দূতাবাসে নালিশ বাদ দিয়ে জনগণের ক্ষমতায়নে আস্থা রাখার আহ্বান জানায় আওয়ামী লীগ। আর বিএনপি বলছে, নালিশ নয়, প্রকৃত পরিস্থিতিই তুলে ধরছেন তারা।
