মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাছ চুরির অভিযোগে সুকুর আলী মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় নৃশংসভাবে তাঁর দুই চোখে আঘাত করা হয়, যার মধ্যে একটি চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার চুনখোলা এলাকার আংরা বিলসংলগ্ন একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
আহত সুকুর আলী মৃধা উপজেলার ডাবরা গ্রামের মোসলেম আলী মৃধা ওরফে মুছা মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চুনখোলা এলাকার আংরা বিলে লেয়াকত মুন্সির মাছের ঘেরে চুরির সময় ঘের মালিকের ছেলে রোমান মুন্সি বিষয়টি টের পান। এ সময় চোরের দল তাঁর ওপর হামলার চেষ্টা করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুকুর আলীকে হাতেনাতে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়।
পরে উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁর ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। এতে তাঁর দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি চোখ উপড়ে ফেলার অভিযোগ রয়েছে।
পরদিন সকালে সাহিদের মোড় এলাকায় গুরুতর আহত অবস্থায় তাঁকে তাঁর স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
