আন্তর্জাতিক ডেস্ক :
একটি অসম্পূর্ণ মহাকাশ কেন্দ্রে ৯০ দিনের ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন চীনের তিন নভোচারী। ২০১৬ সালের পর থেকে মহাকাশে এটি চীনের প্রথম কোনো মানববাহী মিশন ছিল।
ফিরে আসা ছোট্ট ক্যাপসুলটিতে ছিলেন—নেই হেইশহেং, লিউ বোমিং ও ট্যাং হংবো। চীনের স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে ক্যাপসুলটি।
দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে। এর আগে গত ১৭ জুন এই মরুভূমি থেকেই পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি জমিয়েছিলেন তিন নভোচারী। সেখানে অবস্থানের সময়টিতে তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন।
মহাকাশে চালানো নানা পরীক্ষা-নিরীক্ষার তথ্য–উপাত্ত পৃথিবীতে পাঠানোসহ অভিযানের অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মহাকাশে হাঁটাহাঁটিও করেছেন নভোচারীরা।
গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, মডিউলে প্রত্যেক নভোচারীর জন্য আলাদা বসবাসের স্থান ছিল। এছাড়াও ছিল ব্যায়ামাগার। তাতে ছিল বিশেষভাবে নকশা করা ট্রেডমিল ও বাইসাইকেল।
চীনের এই সফল অভিযানকে মহাকাশ গবেষণায় দেশটির আস্থা এবং সক্ষমতা আরও বেড়ে যাওয়ারই দৃষ্টান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় বেশ খানিকটা এগিয়ে গেছে চীন।
২০১৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের উল্টোপিঠ বা অদেখা অংশে (ডার্ক সাইড) মানুষবিহীন রোভার পাঠিয়েছিল চীন। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রজেক্ট থেকে বাদ পড়ায় চীনকে নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করতে হয়েছে।
২০২১-২০২২ মেয়াদে চারটি ক্রু মিশনের প্রথমটি ছিল সেনঝু-১২ মিশন। চীনের স্থায়ী মহাকাশ কেন্দ্রের জন্য তিনটি মডিউলসহ ১১টি মিশনের প্রয়োজন।
তিয়ানহে মডিউল উৎক্ষেপণের মাধ্যমে গত এপ্রিলে প্রথম স্থায়ী মহাকেশ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়েছে। মহাকাশে ভবিষ্যৎ বসবাসের কোয়ার্টস এই তিয়ানহে মডিউল। একটি শহুরে বাসের চেয়েও কিছুটা বড় তিয়ানহে মডিউলে ছিলেন তিন নভোচারী। গেল মধ্যজুন থেকে তারা সেখানে অবস্থান করছিলেন।
এটি ছিল চীনের সবচেয়ে দীর্ঘ মহাকাশ-ফ্লাইট মিশন। আগামী অক্টোবরে মহাকাশে চীনের দ্বিতীয় মানব মিশনের পরিকল্পনা রয়েছে। এতে নভোচারীরারা তিয়ানহে মডিউলে ছয় মাস অবস্থান করবেন।
শেনঝু-১৩ মিশনকে সামনে রেখে চীন স্বয়ংক্রিয় কার্গো মহাকাশযান তিয়াংঝু-৩ পাঠানো হবে তিয়ানহেতে। এতে ক্রুদের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ থাকবে।
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, তিয়াংঝু-৩ নিকট ভবিষ্যতে মহাকাশে পাঠানো হবে।
