রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার ঘোষনা দিলেন যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান।
লিখিত বক্তব্যে প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকে নির্বাচনী কাজে মাঠে নামতে তীব্র বাঁধার মুখে পড়তে হচ্ছে। সেখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর হোসেনের কর্মীরা একের পর এক হামলা-হুমকি অব্যাহত রেখেছে। রায়হান, আব্দুর রউফ, অটল দাস, হাবিবুর রহমান, সজিব হোসেন, তাজ উদ্দীন, ফাহিম হোসেন ও গালিব এরা সবই আমার নির্বাচনী কর্মী। নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেনের লোকজন হামলা মারপিট করে এরা বর্তমানেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাকেও হুমকি দেওয়া হচ্ছে। জান মালের নিরাপত্তার কথা ভেবে এবং দলের আনুগত্য শিকার করে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনি বলেন, আমি প্রত্যাহার না করলে হয়তো আমিসহ আমার অনেক কর্মী ও সমর্থকের জান মালের হুমকি রয়েছে। তাই নিরাপত্তার কথা ভেবে প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম।
এসময় মনিরুজ্জামান মনি অশ্রুশিক্ত হয়ে বলেন, ২০১৬ সালে ২২ মার্চ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। এ অবস্থা থেকে গত পাঁচটি বছর জনগণের পাশে ছিলাম আগামীতেও থাকবো। এছাড়াও ২০০৪ সাল থেকে ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছি।
বর্তমানে এই ইউনিয়নে নির্বাচন করার কোন পরিবেশ নেই এমনটি দাবী করে বলেন, আলমগীর হোসেনের লোকজন স্থানীয় চিনাটোলা বাজারে ৫ নভেম্বর রাতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া করে। এ অবস্থা থেকে আতংকিত হয়ে পড়েছেন ইউনিয়নের জনসাধারণ।
