হোম অর্থ ও বাণিজ্য ভোলায় গ্যাস অনুসন্ধান করবে রাশিয়ার গ্যাজপ্রম

বাণিজ্য ডেস্ক :

আমদানি নির্ভরতা কমাতে গুরুত্ব পাচ্ছে গ্যাস অনুসন্ধান কাজ। সব ঠিক থাকলে দুই একদিনের মধ্যেই ভোলায় কূপ অনুসন্ধান শুরু করবে রাশিয়ার গ্যাজপ্রম। আর এভাবে ডিসেম্বরের মধ্যে ৪টি কূপ অনুসন্ধানের পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

গ্যাসে আমদানি নির্ভরতা কমাতে আগামী জুনের মধ্যে কূপ উন্নয়ন ও সংস্কারকাজের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে ১০টি কূপের। এর মাধ্যমে দিনে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস বাড়ার আশা জ্বালানি বিভাগের।

জ্বালানি নিয়ে বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সমস্যায় বাংলাদেশও। সামনে এসেছে আমদানি নির্ভরতার ঝুঁকি। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা সাজিয়েছে জ্বালানি বিভাগ। গুরুত্ব পাচ্ছে স্থলভাগে কূপ অনুসন্ধান, উন্নয়ন ও সংস্কারকাজ। সে পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর ৪টি কূপ অনুসন্ধানের রূপরেখা তৈরি করেছে বাপেক্স।

সব ঠিক থাকলে দুয়েক দিনের মধ্যে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের মাধ্যমে শুরু হবে ভোলার টবগী-১ কূপের অনুসন্ধান কাজ। আছে আগামী মাসে শরীয়তপুর-১ এর অনুসন্ধান শুরুর পরিকল্পনা। ডিসেম্বরের মধ্যে শেষ হবে শ্রীকাইল উত্তর-১ ও সিলেট ১০ কূপ অনুসন্ধান। আগামী মার্চে ভোলায় ইলিশা-১ এর অনুসন্ধান কাজ শুরু হবে গ্যাজপ্রমের মাধ্যমেই। পরিকল্পনায় আছে আগামী জুনের মধ্যে কৈশালটিলা, সুন্দলপুর, বিয়ানিবাজার, ভোলা উত্তর, সেমুতাং ও তিতাস গ্যাসক্ষেত্রে মোট ১০টি কূপ উন্নয়ন ও সংস্কারকাজের। সব মিলিয়ে এসব কার্যক্রমে দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ঘনফুটের গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স।

এ ব্যাপারে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সময় সংবাদকে বলেন, ‘পাঁচটি কূপের কাজ আমরা একসঙ্গে শুরু করছি। আশা করছি আগামী বছরের এপ্রিল-জুনের মধ্যে প্রতিটি কূপ থেকে পাওয়া গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।’

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক মতো এগোতে পারলে কমবে আমদানি করা ব্যয়বহুল এলএনজি নির্ভরতা। এ ব্যাপারে জ্বালানি বিশেষজ্ঞ বদরূল ইমাম বলেন, ‘বাপেক্সের কাজে একটি নতুন গতি এসেছে- যা সত্যিকার অর্থে ইতিবাচক। আমরা যদি নিজেদের জোগান এভাবে সামাল দিতে পারি তাহলে কমে আসবে আমদানি নির্ভরতা।’

তবে পরিকল্পনা যেন বাস্তবায়নের বেলায় থমকে না যায়, সেদিকে নজর রাখার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আরও আগে থেকেই গুরুত্ব দেয়া উচিত ছিল গ্যাস অনুসন্ধান কার্যক্রমে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন