বিনোদন ডেস্ক :
অপেক্ষার প্রহর শেষ! আট বছর পর পর্দায় আবারও ফিরছে ভিলেন। জটিলতা একেবারে শুরু থেকেই…মোহিত সুরির নতুন সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’-এ কে হবেন নায়ক, আর কে ভিলেন—এ নিয়ে দর্শক মনে যেমন ধোঁয়াশা আছে, তেমনটি রয়েছে দিশা পাটানির চরিত্রটি নিয়েও।
সিনেমায় নায়ক দুজন—জন আব্রাহাম ও অর্জুন কাপুর। অ্যাকশন আর রোমাঞ্চে মোড়া সিনেমাটির ট্রেলারে তাদের উপস্থিতি রহস্যময়। কখনো নায়ক আবার কখনো খলনায়ক হয়ে রোমান্সে, অ্যাকশনে মেতেছেন তারা। ‘এক ভিলেন রিটার্নস’-এ দিশা পাটানিকে দেখা যাবে রাশিকা চরিত্রে। তাছাড়া সিনেমার পরিচালক মোহিত সুরি এ চরিত্র নিয়ে রহস্য বুনেছেন বেশ।
এদিকে সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে ইতোমধ্যেই। আর সেই ট্রেলারে দিশার রহস্যময় হাসিতে ইঙ্গিত পাওয়া গেছে, এতে খলনায়িকার চরিত্রে পাওয়া যাবে তাকে। এদিকে নির্মাতার সাথে তাল মিলিয়ে রহস্যের জাল বুনে চলেছেন অভিনেত্রী নিজেও! কৌতূহল জিইয়ে রেখে দিশা পাটানি বলছেন, ‘এখনই আমার চরিত্রটির ব্যাপারে খোলাসা করতে পারব না। তবে এটুকু বলতে পারি, সিনেমায় আমি মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সৌন্দর্যই যার আসল হাতিয়ার। এককথায় সে মোটেও ভালো মেয়ে নয়।
এ ছাড়া আগে দিশাকে নিয়ে ‘মলাঙ্গ’ বানিয়েছিলেন মোহিত সুরি। এরপর হাত দেন ‘এক ভিলেন রিটার্নস’-এ। ততদিনে স্ক্রিপ্ট লেখা শেষ। নায়িকার খোঁজ চলছে। জন আব্রাহাম নির্মাতাকে কয়েকবার জিজ্ঞেসও করেছেন, রাশিকা চরিত্রে অভিনয় করছে কে! প্রতিবার মোহিতের একটাই উত্তর, এখনো ঠিক হয়নি। অবশেষে একদিন সিনেমা হলে দর্শকদের সঙ্গে ‘মলাঙ্গ’ দেখতে গিয়ে সমাধান পান মোহিত।
দিশা পাটানির কিছু দৃশ্যে দর্শক প্রতিক্রিয়ায় অবাক হন তিনি। হল থেকে বেরিয়ে সেদিনই ‘এক ভিলেন রিটার্নস’-এ অভিনয়ের প্রস্তাব দেন দিশাকে। এ সিনেমার গল্প একজন সিরিয়াল কিলারকে নিয়ে, যে ১৮ জন মেয়েকে নৃশংসভাবে খুন করে। তাকে পরাস্ত করার গল্প দেখা যাবে পুরো সিনেমায়। ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাটি ২৯ জুলাই মুক্তি পাচ্ছে।
সূত্র: পিঙ্কভিলা
