হোম জাতীয় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

জাতীয় ডেস্ক :

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বৈঠক করছেন বিএনপির শীর্ষ নেতারা। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চারজনের একটি প্রতিনিধি দল ঢাকার হাইকমিশন অফিসে সৌজন্য সাক্ষাত করেন।

বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাত পরবর্তী ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন হাইকমিশনার ডিকসন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততাকে কূটনীতির অপরিহার্য অংশ বলে উল্লেখ করে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমরা বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করেছি। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং বিএনপি দলের সদস্যদের মৃত্যু নিয়ে আলোচনা হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নেন।

এর আগে গত ২০ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময়ে বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ‘গোপন বৈঠক’ হয়েছে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, এ সময় রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে অবস্থান করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তার স্ত্রীকেও ক্লাবটিতে দেখা গেছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানায়, সকাল ৮টা ৫৫ মিনিট থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত আমেরিকান ক্লাবে সস্ত্রীক রাষ্ট্রদূত অবস্থান করছিলেন। এ সময় তাদের মধ্যে বৈঠক হয়।

তারও আগে গেল ১৩ জুলাই বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াটলি। ওইদিন সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন