হোম জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেনে মিলল নারীর মরদেহ

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেন থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে জেলা শহরের হাসপাতাল কলোনির পেছনের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, সকালে হাসপাতাল কলোনির গলির ভেতরের রাস্তা দিয়ে আসা-যাওয়ার সময় তারা ড্রেনে দুর্গন্ধ পান। একপর্যায়ে ড্রেনের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি মরদেহ অর্ধগলিত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা কালন মিয়া বলেন, সকালের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে ড্রেনের মধ্যে একটি মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আরেক বাসিন্দা মো. রাহিম বলেন, সকালে আমরা ঘুমিয়ে ছিলাম, প্রতিবেশী কালন মিয়া আমাদেরকে ডাক দেন। আমরা উঠে গিয়ে দেখি রাস্তার পাশে ড্রেনের মধ্যে একটি বস্তাবন্দি লাশ পচে গন্ধ বের হচ্ছে। পরে আমরা থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে মদদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে এসে ড্রেনের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি মরদেহ দেখতে পাই। মরদেহটি অন্তত এক সপ্তাহ আগের। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন