জাতীয় ডেস্ক :
যশোরের বেনাপোল সীমান্তে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ৯০ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ জুন) দুপুরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে বন্দর থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- বেনাপোল পৌর সভার সাদিপুর গ্রামের হারুনের ছেলে এবাদত (২২) ও বড়আচড়া গ্রামের শাহাজামালের ছেলে মারুফ (২২)।
পুলিশ জানায়, পাবনার আরিফুল ইসলাম ভারত যাবার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে আসেন। পাসপোর্টের কাজ করে দেয়ার নাম করে সীমান্তে অবস্থিত সিমলা এন্টার প্রাইজের দুই যুবক তাদের ঘরে বসায়। পরে প্রতারণার মাধ্যমে ভয় দেখিয়ে ৯০ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়।
কৌশলে ওই যাত্রী প্রতারকদের আস্তানা থেকে বাইরে এসে নিরাপত্তা সংস্থা এনএসআই এর কাছে সহায়তা চায়। এ সময় তাদের সহায়তায় বন্দর থানা পুলিশ দুই প্রতারককে আটক করে টাকা উদ্ধার করে।
বেনাপোল বন্দর থানা পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পাসপোর্ট যাত্রীদের যাতে এসব দালাল শ্রেণির কেউ ক্ষতির মুখে না ফেলতে পারে পুলিশি টহল জোরদার করা হয়েছে। যাত্রীদেরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
বেনাপোল চেকপোস্ট এলাকায় প্রায়ই এমন প্রতারণার জালে পড়ে সর্বোচ্চ হারাচ্ছেন অসহায় যাত্রীরা। টাকার লোভে ছিনতাইকারী প্রকৃতির এ ব্যক্তিদের আশ্রয় দিচ্ছে মার্কেটের মালিকরা। গত সপ্তাহেও বেনাপোল সীমান্তে পাসপোর্টধারী যাত্রীর গলা থেকে চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
