খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের মনোনয়ন বিতরণের দ্বিতীয় ও শেষ দিন শনিবার (২৫ সেপ্টেম্বর)। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মঞ্জুর কাদের, খালেদ মাহমুদ সুজন, কাজী ইনাম আহমেদ, মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া চমক দিয়ে পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম।
প্রথমবারের মতো বিসিবির নির্বাচনে আসছেন এই ক্রিকেট পরামর্শক ও বিশ্লেষক। এছাড়া সাবেক অধিনায়ক কোটায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে কাউন্সিলরশিপ নেওয়া সংগঠক নাজমুল আবেদিন ফাহিম লড়বেন আরেক হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে। আর এটাকেই চমক হিসেবে দেখছেন অনেকেই। কেননা গেলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সুজন।
শনিবার বিকেল ৪টা পর্যন্ত পরিচালক পদ সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
এর আগে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মোট ৮ জন মনোনয়নপত্র নিয়েছেন। এদের মধ্যে চমক দিয়ে এবার পরিচালক পদে মনোনয়নপত্র তুলেছেন খালেদ মাসুদ পাইলট।
গেল ২২ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা নিয়ে কোনো আপত্তি না আসায় ১৭১ জনকে রেখেই বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর।
বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরিতে এবার অংশ নেবেন ১৭১ জন কাউন্সিলর। যার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে এখানে থেকেই আসবেন বোর্ডের আগামী চার বছরের জন্য ২৫ পরিচালক।
মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। আর ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। ভোটের পরদিনই প্রকাশ করা হবে ফলাফল।
