জাতীয় ডেস্ক :
২০১২ সালের আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলাউদ্দিনকে (৩৫) গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদলতে তোলা হলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ এর বিচারক অলরাম কাজী তাকে জেলা জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার (১৫ জুলাই) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করে। রাতেই শিবগঞ্জ থানা পুলিশ পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের কাছে আলাউদ্দিনকে হস্তান্তর করে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলাউদ্দিন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটধাপ গ্রামের হবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর মোহাম্মদ আলাউদ্দিন ‘আত্মগোপন’ করেন। পুলিশের নথিতে ‘পলাতক’ আলাউদ্দিন তার স্ত্রীসহ গত ৭ জুলাই ঈদের ছুটিতে বগুড়ার মোকামতলা বন্দরে শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে আলাউদ্দিনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে শুক্রবার দিনগত রাতে আটোয়ারী থানায় নেয়া হয়। পরে শনিবার তাকে আদালতে তোলা হলে বিচারক আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগেরে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, বিশ্বজিৎ হত্যা মামলার এজাহারে ১৩ নম্বর আসামি ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন। এ মামলার রায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন সাজা হয়। তার বিরুদ্ধে বিশ্বজিৎ হত্যা মামলায় পঞ্চগড়ের আটোয়ারী থানায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এ কারণে গ্রেফতারে আলাউদ্দিনকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
