আন্তর্জাতিক ডেস্ক :
কয়েকদিনের ব্যবধানে ফের দাবানলের কবলে পড়েছে পর্তুগাল। পুড়ে ছাই হয়ে গেছে কয়েক হাজার হেক্টর এলাকা। রাজধানী লিসবনের খুব কাছাকাছি দাবানল পৌঁছে যাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটছে নাগরিকদের।
রোববার (৩১ জুলাই) থেকে শুরু হওয়া ৬টি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে পর্তুগালের দমকল বাহিনীর শত শত কর্মী।
টানা কয়েক সপ্তাহের বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার ঠিক আগ মুহূর্তে আবারও ভয়াবহ দাবানলের মুখোমুখি পর্তুগাল। রোববার রাজধানী লিসবন থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে মাফরাসহ আশপাশের ৬টি এলাকায় শুরু হওয়া এ দাবানল নতুন করে উৎকণ্ঠার সৃষ্টি করেছে জনমনে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার তীব্রতা দেখা গেছে লিসবন থেকেও।
বাড়তি তাপমাত্রা আর বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কয়েক ঘণ্টার দাবানলে পুড়ে ছাই কয়েক হাজার হেক্টর অঞ্চল। বন্ধ করে দেয়া হয়েছে দাবানল কবলিত এলাকার সড়ক-মহাসড়ক। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
এরমধ্যে মেইশোমিল এলাকার দাবানল শিল্পাঞ্চলের খুব কাছাকাছি চলে আসায় দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা। বিমান ও হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
পর্তুগালের আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দাবানলের ঝুঁকিতে থাকা উত্তরের ৩টি জেলায় নতুন করে রেড এলার্ট জারি করেছে প্রশাসন। একইসঙ্গে নাগরিকদের সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
