আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও মালয়েশিয়ার ইয়ুথ হাব-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিডিওএসএন কার্যালয়ে এই সমঝোতা চুক্তি সই হয়।
চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সংগতি রেখে বিভিন্ন কার্যক্রম ও নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড যৌথভাবে পরিচালনা করবে বলে জানিয়েছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব-এর পক্ষ থেকে সহসভাপতি জাসিয়া নোশীন চৌধুরী চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় বিডিওএসএনের প্রশাসনিক কর্মকর্তা নারায়ণ চক্রবর্তী ও আনিসুল হক, কোহর্ট ফর গ্রোথ অব উইমেন এন্ট্রাপ্রেনারস-এর প্রকল্প সমন্বয়ক আহমাদ মুদ্দাসসের এবং ইয়ুথ হাব-এর নির্বাহী কমিটির সদস্য রিদওয়ানওয়ানুল হক উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, চুক্তির অধীন প্রতিষ্ঠান দুটি যৌথভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি, বিশেষ করে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের ’গুগল ফর এডুকেশন’-এর ওপর প্রশিক্ষণ প্রদান এবং দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিশু-কিশোরদের কম্পিউটার প্রোগ্রামিং-এর সঙ্গে পরিচিত করতে কাজ করবে।
এ ছাড়া কোডিং সম্পর্কে মৌলিক বিষয়গুলো শেখানো, শিক্ষার্থীদের তাদের স্কুলজীবন থেকে কম্পিউটার শিক্ষার প্রতি আকৃষ্ট করা ও কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান।
বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন, জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ, কর্মশালা, শিক্ষা ও সনদ প্রদান কার্যক্রম এমনকি শিশু-কিশোরদের নিয়ে হ্যাকাথন (প্রযুক্তিবিষয়ক কর্মশালা) আয়োজন করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
