হোম খেলাধুলা বার্সেলোনার মেসিবিহীন ‘অধ্যায়’ শুরু

খেলাধুলা ডেস্ক :

বার্সেলোনার প্রতিটি সাফল্যে যার অবদান, সেই মেসিকে ছাড়া কেমন করবে ক্লাবটি। আগামী দিনগুলোতে সে প্রশ্নের হয়তো উত্তর জানা যাবে। তবে ফুটবলবোদ্ধাদের মতে, মেসিবিহীন বার্সেলোনার জন্য কঠিন সময় অপেক্ষা করছে।

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি আর প্রিয় দল বার্সেলোনায় থাকছেন না, তা গত বৃহস্পতিবারই (৫ আগস্ট) জানা গিয়েছিল। এরপর রোববার (৮ আগস্ট) বিদায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেন খোদ ক্ষুদে জাদুকরই।

এদিকে, ক্যাম্প ন্যুতে যখন কান্নাভেজা বিদায় নিচ্ছিলেন মেসি, তখন ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাসের মুখোমুখি হওয়ার জন্য নিজেদের শেষ মুহুর্তের প্রস্তুতি সারছিলেন বার্সার খেলোয়াড়রা। বাংলাদেশ সময় সোমবার প্রথম প্রহর দেড়টায় জন গ্যাম্পার ট্রপিতে য়্যুভেন্তাসের মুখোমুখি হবে বার্সেলোনা। আর এই ম্যাচের মধ্য দিয়েই মেসিবিহীন বার্সেলোনার যাত্রাও শুরু হবে।

য়্যুভেন্তাসের বিপক্ষে সেরা একাদশ সাজানো নিয়েও বার্সা কোচ রোনাল্ড কোম্যানের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ সম্প্রতি খর্বকায় দল রেড বুল সলজবার্গের বিপক্ষে ভরাডুবির পর কিছুটা চাপে কোম্যান।

এর আগে রোববার (৮ আগস্ট) ক্যাম্প ন্যুতে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেসির পরিবার, সতীর্থ ও ক্লাব অফিশিয়ালরা। প্রায় ৮ মিনিট বক্তব্য দেন মেসি।

তারকা এই ফুটবলার নিজের বিদায়ী বক্তব্যে বলেন, এটা আমার জন্য অনেক কঠিন। আমার জীবনের পুরোটাই এখানে কাটিয়েছি। আমি এটার জন্য প্রস্তত ছিলাম না। আমি এ ক্লাবেই থাকতে চেয়েছিলাম। আমার পরিবারও এটাই চেয়েছে। আমি ভেবেছিলাম এখানেই থাকব। কিন্তু আমাকে এই ক্লাব ও এই শহর ছেড়ে দিতে হচ্ছে। সবাইকে বিদায় জানাতে হচ্ছে। ১৩ বছর বয়সে এখানে আসি আমি। ২১ বছর কাটিয়েছি। আমি বার্সেলোনা ছেড়ে যাচ্ছি আমার স্ত্রী ও আমার তিন কাতালান আর্জেন্টাইন সন্তানদের নিয়ে।

মেসি আরও বলেন, কিন্তু আমার ইচ্ছা কয়েক বছর পর আবারো ফিরে আসব এখানে। আমি আমার সন্তানদের কথা দিয়েছি। আমি এই ক্লাবের জন্য এই জার্সির জন্য সব দিয়েছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সমর্থকদের আমাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য।

তিনি বলেন, মহামারির জন্য গেল দেড় বছর মাঠে দর্শক ছিল না। তাদের দেখা ছাড়াই আমি চলে যাচ্ছি। আমার নাম ধরে চিৎকার করা আমি মিস করেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমাকে এলো ভালোবাসা দেওয়ার জন্য। তবে আমি আবার এসে ক্লাবে যোগ দিতে চাই। যে কোনো ভূমিকায় হলেও ক্লাবকে আবার বিশ্বসেরা করতে চেষ্টা করব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন