বাণিজ্য ডেস্ক :
‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উত্থাপিত হলো ২০২২-২৩ অর্থবছরের বাজেট। বৃহস্পতিবার (৯ জুন) আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন। উত্থাপিত বাজেটে প্রায় সবকটি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থের পরিমাণ বাড়লেও, কমেছে ধর্ম ও শিল্প মন্ত্রণালয়ের।
নতুন অর্থবছর ২০২২-২৩ এ উত্থাপিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২ হাজার ৩৫৩ কোটি টাকা। যদিও ২০২১-২২ অর্থবছরে মন্ত্রণালয়টির জন্য ২ হাজার ২৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরবর্তীতে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ বাড়িয়ে ২ হাজার ৫২৩ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
কিন্তু নতুন অর্থবছরে এ বরাদ্দের পরিমাণ ১৭০ কোটি টাকা কমিয়ে দেয়া হয়েছে।
অপরদিকে শিল্প মন্ত্রণালয়ের জন্য এবারের বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১ হাজার ৫২১ কোটি টাকা। গত বছরের তুলনায় এ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৬৯০ কোটি টাকা কম।
২০২১-২২ অর্থবছরের বাজেটে শিল্প মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল ১ হাজার ৫৮৫ কোটি টাকা। পরবর্তীতে একই অর্থবছরের সংশোধিত বাজেটে ৬২৬ কোটি বাড়িয়ে দিলে, এ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২১১ কোটি টাকা।
এ দুটি মন্ত্রণালয় বাদেও বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমান হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। চলতি অর্থবছরে এ বিভাগে বরাদ্দ দেয়া হয়েছে ১৩৭ কোটি টাকা। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ অর্থের পরিমাণ ছিল ১৯১ কোটি টাকা।
বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের জন্য দেশের ৫১তম ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৩তম বাজেট উত্থাপন। এবারের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন। বেলা ৩টায় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন। এর আগে এ বাজেটে অনুমোদন দেয় মন্ত্রিসভা।
