জাতীয় ডেস্ক :
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন আয়োজিত জাতীয় শোকসভার প্যান্ডেল তৈরিতে বাধা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা শামসুল হক ভোলা। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৬ আগস্ট) ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভার আয়োজন চলছিল স্থানীয় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে। ওই সভায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মো. শামসুল হক ভোলাকে অতিথি করা হয়নি বলে তিনি প্যান্ডেল তৈরিতে বাধা দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট নিহত জাতির পিতাসহ অন্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা আয়োজনের জন্য প্যান্ডেল তৈরি করছিলাম। সেখানে ভোলা সাহেব এসে বাধা দিচ্ছিলেন, আমি আসছিলাম বিষয়টা কী, কেন বাধা দিচ্ছে তা জানতে। আমি আসার সঙ্গে সঙ্গে তিনি আমাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারা শুরু করেন।’
এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা বলেন, আমি এই স্কুলের সভাপতি। আমি জেলা পরিষদের প্রশাসক, আমি আওয়ামী লীগ করি, আমার বাড়ি এখানে। এই স্কুল মাঠে আওয়ামী লীগ অনুষ্ঠান করবে, আমাকে জানাবে না।
তিনি অভিযোগ করে বলেন, অনেক জুনিয়রদের এই অনুষ্ঠানে অতিথি করা হয়েছে, আমাকে জানানোই হয় নাই। তাই স্কুল কম্পাউন্ডে অনুষ্ঠানের অনুমতি দেয়া হয় নাই। তারা করলে কম্পাউন্ডের বাইরের মাঠে বা অন্য কোথাও করলে করবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
