ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ বুধবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহনের সাত চেয়ারম্যান সকলেই আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও নৌকা প্রতীকে জয়লাভ করেছেন।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে ফকিরহাটের ৭টি ইউনিয়নসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান। এসময় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউএনও সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফকিরহাটের যে সকল চেয়ারম্যানগণ শপথ বাক্য পাঠ করেন, তারা হলেন ১নং বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ২নং লখপুর ইউনিয়নের এমডি সেলিম রেজা, ৩নং পিলজংগ ইউনিয়নের মো. জাহিদুল ইসলাম মোড়ল, ৪নং ফকিরহাট ইউনিয়নের শিরিনা আক্তার কিসলু, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মো. রেজাউল করিম ফকির, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নের সরদার আমিনুর রশিদ মুক্তি ও ৮নং শুভদিয়া ইউনিয়নের শেখ ফারুকুল ইসলাম ওমর।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৭টি ইউনিয়ন নির্বাচনে এসকল প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।
