ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের সরকারী জায়গায় বালু ভরাট করে দখল করার পায়তারা করছে একটি মহল। কঠোর লকডাউনে সরকারী অফিস আদালত বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে এই সরকারী জায়গায় বালু ভরাট করায় জনগনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারী জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ রোডে পূর্ব পার্শ্বে জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগের সরকারী জায়গা যেটি স্বর্নিভর খাল সেই খালের অর্ধেক অংশ চতুর পার্শ্বে নেট দিয়ে ঘিরে সেখানে ট্রাক-পিকাপে করে বালু এনে তা ভরাট করছে। স্বর্নিভর খাল ভরাট করার ফলে পানি নিষ্কাশনে চরম বাঁধা হয়ে দাড়ানোর উপক্রম হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জনৈক এক মহিলা সরকারী খালের জায়গা ৫০ হাজার টাকা দিয়ে এক ব্যক্তির নিকট হতে ক্রয় করেছেন। জায়গার মূল মালিক হচ্ছে সরকার, সেই সরকারী জায়গা কিভাবে ঐ মহিলা ক্রয় করলো, আর কে বা বিক্রয় করলো, তা নিয়ে জনমনে চলছে নানা গুঞ্জন।
এ বিষয়ে সুনগর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, কঠোর লকডাউন-কে কাজে লাগিয়ে একটি মহল এ কাজটি করছে। আমি বিষয়টি সরেজমিনে তদন্ত করে দখলকারিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করবো।
