হোম ফিচার ফকিরহাটে রোদ বৃষ্টি উপেক্ষা করে টিকা নিতে মানুষের ভীড়

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

ঘুর্ণিঝড় গুলাবের প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে আবহাওয়া ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে। কখনো বৃষ্টি, আবার কখনো রোদ। প্রকৃতির এ খেয়ালী রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে করোনা ভাইরাসের টিকা নিতে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসছে অসংখ্য মানুষ। কে কার আগে টিকা নিতে পারে তা নিয়েও চলছে প্রতিযোগিতা। স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে সকলকে টিকা প্রদানে আশ্বস্ত করলেও টিকা সংকট নিয়ে মানুষের মাঝে উৎকন্ঠা রয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা মানুষের অসংখ্য মানুষের উপচেপড়া ভীড় থাকলেও সামাজিক দুরত্ব মানার প্রবনতা দেখা যায়নি। প্রতিদিন উপজেলার ৮টি ইউনিয়ন থেকে গড়ে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ টিকা নিতে আসেন। কিন্তু প্রতিদিন গড়ে আট থেকে নয় শত মানুষকে টিকা দেওয়া হয়। টিকা না নিতে পেরে অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরে যান। টিকা গ্রহণের এসএমএস পাওয়ার আগেই টিকা নিতে ভিড় করছেন মানুষ। হাসপাতালে আলাদা বুথে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ ও সিনোফার্মার প্রথম ডোজ টিকা প্রদান করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলায় এখন পর্যন্ত ৬৩ হাজার ৭৮ জন টিকা গ্রণের জন্য নিবন্ধন করেছেন যার মধ্যে ৩৪ জন প্রবাসী নাগরিক। টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৪ হাজার ৮৫২ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৯ হাজার ৮৩০ জন। যার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৯ হাজার ৪০১ জন এবং সিনোফার্মা টিকা গ্রহণ করেছেন ১৫ হাজার ৪৫১ জন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ মো. কামাল হোসেন বলেন, উপজেলায় সুরক্ষা এ্যাপে নিবন্ধিত মানুষের মধ্যে এখনো প্রথম ডোজ টিকা গ্রহণের বাইরে আছেন ৩৮ হাজার ২২৬ জন এবং দ্বিতীয় ডোজ টিকার বাইরে আছে ৫৩ হাজার ২৪৮ জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, যারা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন তাদের মোবাইল ফোনে এসএমএস আসার পর স্বাস্থ্য বিধি মেনে টিকা কেন্দ্রে আসবেন। টিকা পাওয়া সাপেক্ষে সকলকে টিকা প্রদান করা হবে বলে তিনি জানান।

ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, প্রথম দিকে টিকা নিতে মানুষের অনিহা থাকলেও সরকারের ইতিবাচক প্রচারণার ফলে এখন আগ্রহ বেড়েছে। উপজেলায় সুরক্ষা এ্যাপে নিবন্ধিত প্রত্যেক নাগরিক পার্যায়ক্রমে টিকা পাবেন বলে তিনি আশ্বস্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন