ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশে একযোগে গণটিকার প্রথম ডোজের পর এবার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার পূর্বনির্ধারিত ৮টি কেন্দ্রের ২৪টি বুথে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ৮ ইউনিয়নে টিকা কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মানুষদের টিকা গ্রহণ করতে দেখা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলার বেতাগা, লখপুর ,পিলজঙ্গ, ফকিরহাট, মানসা-বাহিরদিয়া, নলধা-মৌভোগ, মূলঘর ও শুভদিয়া ইউনিয়নের ৮টি কেন্দ্রে ২৩টি ওয়ার্ডের নিবন্ধিত ৪ হাজার ৮০০ মানুষকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।
টিকা প্রদানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, বৃদ্ধ, প্রতিবন্ধি, অসুস্থ্য ও নারীদের অগ্রাধিকার প্রদান করা হয়েছে। গণটিকার প্রথম ডোজ গ্রহণকারীদের টিকা দেয়া হবে ঘোষণা করায় বাড়তি ভীড় হয়নি বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, মঙ্গলবার শুধুমাত্র তাদের টিকা দেয়া হয়েছে যারা গত ৭ আগষ্ঠ এসব কেন্দ্রে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছিলেন। প্রতিটা কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক নিবন্ধিত ৬০০ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, জনভোগান্তি কমাতে ও টিকা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথের ব্যবস্থা করা হয়েছে। তিনি সুরক্ষিত থাকতে উপজেলাবাসীকে টিকা গ্রহণের আগে ও পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহব্বান জানান।
ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ বলেন, জীবন বাঁচাতে সরকারের টিকা কার্যক্রম চলমান থাকবে। সাথে মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দুরত্ব মেনে চলার বিষয়ে সচেতন থাকতে হবে।
