মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রবিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মাধ্যমিক স্তরের এই পরীক্ষায় ফকিরহাটের চার কেন্দ্রের অধীনে মোট ১ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। পরীক্ষার কারণে বন্ধ আছে উপজেলার সকল কোচিং সেন্টার ও প্রাইভেট ব্যাচের পাঠদান।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপজেলার ৪টি কেন্দ্রে ও ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০১জন, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও তার ভেন্যু বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২০জন, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯১জন (করিগরি) এবং ফকিরহাট কারামাতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯টি প্রতিষ্ঠানের ২১২জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।
মূলঘর সরকারী উ্চ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক অনিমেষ মিত্র বলেন, দেড় ঘণ্টাব্যাপী গুচ্ছ ভিত্তিক পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে পদার্থ বিজ্ঞান, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে পদার্থ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুগুলোতে স্বাস্থ্যবিধি পালনে নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রতি পরীক্ষার্থীর সাথে একজনের বেশি অভিভাবক না আসার জন্য অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম বলেন, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে। পরীক্ষার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা চলাকালীন সময়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ফকিরহাট উপজেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
