হোম অন্যান্যসারাদেশ প্রাঙ্গণে পানি নিয়ে খুলেছে ভবদহ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান

রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :

যশোরের মণিরামপুরের ভবদহ অঞ্চলে প্রাঙ্গণে পানি নিয়েই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটী অঞ্চলে ভবদহ স্লুইচ গেটের কারণে বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। বর্ষাকালে সেটি আরও প্রকট আকার ধারণ করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার এলাকা ঘুরে দেখা যায় জনগণের দুর্ভোগ। তার মধ্যে সবচেয়ে যেটি বেশি বেদনাদায়ক সেটি হলো ছোট ছোট কমলমতি শিক্ষার্থীরা পানি পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে। বর্তমানে এই এলাকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে পরিপূর্ণ।

মশিয়াহাটীর প্রাণকেন্দ্রে অবস্থিত মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়, মশিয়াহাটী ডিগ্রি কলেজ, কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই চার প্রতিষ্ঠানের মাঠ প্রতিটিতেই পানিতে ভরে আছে। এছাড়া হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়, বাজেকুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএইচএমএস বালিকা বিদ্যালয়, সুজাতপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও পানিতে পরিপূর্ণ।

এলাকার বেশ কয়েকজন অভিভাবকের সাথে আলাপকালে শঙ্কা প্রকাশ করে তারা বলেন, পানিবাহিত রোগের ভয় থাকলেও বাধ্য হয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা অনেকেই জ্বর, সর্দি-কাশিতে তারা আক্রান্ত হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতিও কম হচ্ছে।

বাজেকুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ মন্ডল জানান, স্কুলের চারিদিকে জল। ভয় হচ্ছে শিশুরা হঠাৎ কোন বিপদে না পড়ে। তবে ভয় নিয়েও সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা স্কুলে আসছে।

এলাকাবাসী জানায়, ভবদহ সমস্যার সমাধান না হওয়ায় প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানে একই সমস্যা দেখা দিচ্ছে। তাদের দাবি এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট করলে এই সমস্যার সমাধান হতে পারে।

এ ব্যাপারে কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় জানান, আগামী শুকনো মৌসুমে পর্যায়ক্রমে যাতে সকল প্রতিষ্ঠানের মাঠ সংস্কার করা যায় তার ব্যবস্থা করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন