হোম অর্থ ও বাণিজ্য প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

নিউজ ডেস্ক:
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট পেশ করেন তিনি।

বাজেটে অর্থমন্ত্রী বিভিন্ন কর ব্যবস্থায় পরিবর্তন এনেছেন, যার মধ্যে আমদানি শুল্ক, কাস্টমস শুল্ক এবং নিয়ন্ত্রক শুল্ক বৃদ্ধি বা হ্রাস অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নির্দিষ্ট সমন্বয়ের ওপর নির্ভর করে কিছু পণ্যের দাম বাড়তে বা কমতে পারে।

জানা যায়, নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন ও বিদেশি খাদ্যসহ বেশকিছু পণ্য ও সেবায় শুল্কহার বাড়ানোর প্রস্তাব করায় সেসবের দাম বাড়তে পারে।

বাজেট অনুযায়ী যেসব পণ্যের দাম বাড়তে পারে, তার মধ্যে রয়েছে-

বাইসাইকেল

স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ‘ফ্রি হুইল’ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করা এবং একইসঙ্গে নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে দাম বাড়বে বাইসাইকেলের।

সিগারেট

বাজেটে নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩০০ শতাংশের পরিবর্তে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দাম বাড়বে সিগারেটের।

অর্থমন্ত্রী সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তর ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তর ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

তেলচালিত গাড়ি

ডিজেল, অকটেন বা পেট্রলচালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে মধ্যম সারির ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসির (ইঞ্জিনক্ষমতা) ইন্টারনাল কম্বাশন (আইসি) ইঞ্জিনবিশিষ্ট আমদানি করা গাড়ির ওপর করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৫৬ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব গাড়ির দাম বাড়বে।

ট্রান্সফরমার

১ কেভিএ পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে করে ২৫ শতাংশে উন্নীত করা এবং একইসঙ্গে নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। ফলে ট্রান্সফরমারেরও দাম বাড়বে।

ওয়াশিং মেশিন

স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের সক্ষমতা বাড়াতে সকল প্রকার হাউজহোল্ড টাইপ ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

রড

রড তৈরির বিভিন্ন উপকরণের ওপর ভ্যাট বাড়ানোর ফলে এর দাম বাড়তে পারে।

বিদেশি খাদ্য

সুগার কনফেকশনারি, কফি, তৈরি খাবার ইত্যাদি আমদানিতে বিভিন্ন হারে শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। এতে এসব খাদ্য আমদানিতে শুল্ককরের চাপ বাড়বে।

বিদেশি কাজুবাদাম

দেশিয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করতে অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানি শুল্ক ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম বাড়তে পারে।

বিদেশি পাঙাশের ফিলেট

দেশিয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পাঙাশ মাছের ফিলেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হয়েছে। ফলে এর দাম পাড়তে পারে।

বিদেশি মধু

বিদেশ থেকে প্রাকৃতিক মধু আমদানির ক্ষেত্রে ন্যূনতম শুল্কায়ন মূল্য ইউনিট প্রতি ২ ডলার বাড়িয়ে ৭ ডলার করা হয়েছে। এতে এই মধু আমদানিতে শুল্ককর বেশি দিতে হবে, যা দাম বাড়িয়ে দিতে পারে।

বিদেশি সুপারি

বিদেশ থেকে সুপারি আমদানির ক্ষেত্রে ন্যূনতম শুল্কায়ন মূল্য ইউনিট প্রতি দশমিক ২৫ ডলার বাড়ানো হয়েছে। এতে বিদেশি সুপারি আমদানিতে শুল্ককর বেশি দিতে হবে।

বিদেশি লিপ লাইনার ও জেল

লিপ লাইনার, লিপ জেল ও সমজাতীয় পণ্য আমদানির শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে।

বিদেশি গ্যাস সিলিন্ডার

কম্পোজিট এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার আমদানিতে আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) আরোপ করা হয়েছে। এতে করে বিদেশি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে।

অন্যান্য

শুল্ককর ও শুল্কায়ন মূল্য বাড়ানোর কারণে বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার ও বেসিন, মোটর, জিপসাম বোর্ড, বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, খেলনা ইত্যাদির দাম বাড়তে পারে।

দাম কমতে পারে

মোবাইল সিম, স্বর্ণালঙ্কার, দেশীয়ভাবে তৈরি মোবাইল সেট, ক্যানসারের ওষুধ, ওষুধের কাঁচামাল, কিডনি ডায়ালাইসিস, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপকরণ, লিপস্টিক, মুখ ও ত্বকের ক্রিম, ফেসওয়াশ, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, কম্পিউটার মনিটর (৩০ ইঞ্চি পর্যন্ত), ফ্ল্যাশ মেমোরি কার্ড, বৈদ্যুতিক যানবাহন, চার্জার ও চার্জিং স্টেশন, বৈদ্যুতিক বাস ও ট্রাকের চেসিস, বৈদ্যুতিক ব্যাটারিচালিত তিন চাকার যান, সৌর প্যানেল ও যন্ত্রাংশ, পস (পিওএস) মেশিন, কম্পোজিট কাগজ ও পেপারবোর্ড, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) সরঞ্জাম, প্যাকেজিং উপকরণ, শিল্পের কাঁচামাল, বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট, লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারি, আমদানিকৃত শিশুখাদ্যের কাঁচামাল, মর্গ সরঞ্জাম, মসলা, খেজুর, কীটনাশক, পোলট্রি, ডেইরি ও মাছের খাদ্যের কাঁচামাল, আমদানিকৃত মাংস, মাছ ও সামুদ্রিক খাদ্যপণ্য, রাইস ব্র্যান তেল, দেশীয়ভাবে সংযোজিত মোটরগাড়ি, আমদানিকৃত বাদ্যযন্ত্র, টাগবোট, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা, ফ্লোট গ্লাস, রিফ্র্যাক্টরি সিমেন্ট এবং কার্পেটের উপকরণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন