হোম অর্থ ও বাণিজ্য ‘প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশ ভালো করছে’

বাণিজ্য ডেস্ক :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’-এর অনুদানপ্রাপ্ত স্টার্টআপদের মধ্য থেকে ১২টি উদীয়মান স্টার্টআপকে নিয়ে ‘আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপস লেসনস্ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ কর্মশালার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশ ভালো করছে।

বুধবার (২৭ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে স্টার্টআপদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটিতে অংশগ্রহণকারী স্টার্টআপদের প্রতিনিধিরা স্টার্টআপদের অর্জন, সীমাবদ্ধতা, ব্যবসায়ের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় তুলে ধরেন। দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো হচ্ছে ট্রাভেল বাংলাদেশ, ঢাকা কাস্ট লিমিটেড, মনের বন্ধু, জাহাজী, ‍আবেদক, পোষাপেট, মাস্টাডন ওয়াস, ভূমিজ, বায়োটেক, কৃষিয়ান, আইডিয়া থ্রিডি ও স্বাধীন মিউজিক লিমিটেড।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। তিনি বলেন, প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশ ভালো করছে। নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বর্তমানে অনেকেই স্টার্টআপ গড়ে তুলছেন।

তিনি দেশ ও জাতির কল্যাণে নিজেদের অবদান রাখার জন্য আহ্বান জানিয়ে স্টার্টআপদের উদ্দেশে বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।

সবশেষে, বাংলাদেশের স্টার্টআপদের থেকে খুব শিগগিরই একাধিক ইউনিকর্ন বের হয়ে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিসি নির্বাহী পরিচালক (গ্রেড-১) ড. মো. আব্দুল মান্নান। আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে আইডিয়া প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ও উপসচিব ড. মো. মিজানুর রহমানসহ আইডিয়া প্রকল্পের পরামর্শক ও কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিয়া প্রকল্পের সিনিয়র কনসালট্যান্ট এবং অপারেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ গোস্বামী।

তথ্যপ্রযুক্তিভিত্তিক যেকোনো উদ্ভাবনী আইডিয়া নিয়ে আগ্রহী স্টার্টআপকে প্রি-সিড পর্যায়ে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে ভিজিট করতে হবে www.idea.gov.bd।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন